
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মিছিলসহকারে উপজেলা মডেল মসজিদের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু ও মো. গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ ও হাসান ফারুক ইমাম সুমন, সাবেক সহসভাপতি জালাল উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা ও আজাদ রেজাউল করিম এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন।
এছাড়া দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম খান রবিন ও কিসমত গণৈকড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রামাণিকসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও দলের ঐতিহ্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুর্গাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

৩৩.৯৮°সে
