
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
শনিবার সকালে দুর্গাপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সড়ক ও আশপাশের স্থান পরিষ্কার করেন এবং ময়লা-আবর্জনা অপসারণ করেন।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মো. শামীম ইসলাম। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম ভিত্তি। শুধু কোনো নির্দিষ্ট সংগঠনের উদ্যোগে নয়, পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌরসভা শাখার আমির ও পৌরসভা মেয়র পদপ্রার্থী, মু. নুর আলম। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। দুর্গাপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতাকর্মী এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

৩১.৫৯°সে
