
বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বর্তমানে সমুদ্রে থাকা সব নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে এবং ট্রলার ও নৌযানের মালিকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, যেকোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

৩১.০৩°সে
