
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নবগঠিত ‘বরিশল’ ইউনিয়নে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ দ্রুত প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১৮(১) ধারা অনুযায়ী এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা জনাব মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে ওই ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালনের নিমিত্তে বরিশল গ্রামের বাসিন্দা জনাব ফজলুর রহমান ভূঁইয়া (পিতা- চন্নু ভূঁইয়া, মাতা- ফয়জুন্নেসা)-কে প্রশাসক হিসেবে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছিল।
সরকারি সূত্র ও প্রজ্ঞাপন সূত্রে জানা যায়: গত ১২ মে, ২০২৬ তারিখে স্থানীয় সরকার শাখার ২৫২ নং প্রজ্ঞাপন মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ‘বাসুদেব’ ইউনিয়নের ০৬ (ছয়) টি গ্রামকে অন্তর্ভুক্ত করে আখাউড়া উপজেলার অধীনে “বরিশল” নামে এই নতুন ইউনিয়নটি গঠন করা হয়। গেজেট নোটিফিকেশন: নবগঠিত এই ইউনিয়ন সংক্রান্ত প্রজ্ঞাপনটি গত ৪ জুন, ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের ৬ষ্ঠ খন্ডে (পৃষ্ঠা: ৫২৪-৫২৬) অফিসিয়ালি প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১৮(১) ধারার স্পষ্ট উল্লেখ রয়েছে যে, কোনো এলাকাকে নতুন ইউনিয়ন ঘোষণার পর অথবা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত সরকার যেকোনো উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে।
আইনের এই ধারা অনুসরণ করেই নবগঠিত ‘বরিশল’ ইউনিয়নে নির্বাচিত প্রতিনিধি আসার পূর্ব পর্যন্ত জনস্বার্থে ও দাপ্তরিক কাজ গতিশীল রাখতে জনাব ফজলুর রহমান ভূঁইয়াকে প্রশাসক নিয়োগ পূর্বক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে নতুন এই ইউনিয়নের নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

২৮.০৬°সে
