
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশা জাহান এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য জানতে চাওয়ায় এক সংবাদকর্মীর মোবাইল নাম্বার ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প,সরকারি কার্যক্রম এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মী একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ না করে পরবর্তীতে ওই সংবাদকর্মীর নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে।
সাংবাদিকদের দাবি, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং তথ্য প্রদান করা তাঁর পেশাগত ও প্রশাসনিক দায়িত্বের অংশ। কিন্তু যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হলে বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও নাম্বার ব্লক থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। অন্য কোনো মাধ্যমে যোগাযোগের সুযোগ হলে তাঁর বক্তব্য সংযুক্ত করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি কর্মকর্তাদের উচিত গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা এবং অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরা। এতে প্রশাসনের প্রতি জনআস্থা বৃদ্ধি পায়।
এছাড়াও তথ্য আইন অনুযায়ী এই কর্মকর্তার দপ্তরের তথ্য বাতায়নেও দুই অর্থবছরের কোন প্রকল্পের তথ্য প্রকাশ করা হয়নি। এথেকেই বোঝা যায় তারা নিশ্চয়ই কোন কিছু গোপন করার চেষ্টা করছেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৭.২°সে
