
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় বাউল সংগঠন ও শিল্পীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর, অপহরণ, নারী শিল্পীদের শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জসিম ওরফে মাইছ্যা জসিম, রবিন, পাগলা শাহেল, হৃদয়, রিয়াজ, ঝন্টু ও শাকিলসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বাউল সংগঠন সম্মিলিত জোটের পক্ষ থেকে গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া অভিযোগে এসব তথ্য উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বিভিন্ন বাউল সংগঠন নিয়মিতভাবে বাউল গানের চর্চা করে আসছে। এসব সংগঠনের শিল্পীরা বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সংগীতচর্চার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জুলাই রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সাইনবোর্ড-সানারপাড় এলাকায় নারায়ণগঞ্জ চিন্তিয়া বাউল সমিতির কার্যালয়ে একদল সন্ত্রাসী লোকজন হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নারী শিল্পীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের চেষ্টার পাশাপাশি পুরুষ শিল্পীদের মারধর ও জোরপূর্বক নিয়ে গিয়ে অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে।
একই রাতে আনুমানিক রাত ১টার দিকে সাইনবোর্ড-সানারপাড়ের গ্লোবাল বাউল একাডেমিতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। এ দুটি ঘটনায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। মামলা দুটির নম্বর সি.আর. ১৫১/২৬ ও ১৫২/২৬।
এছাড়া গত ৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে ফতুল্লা থানাধীন পঞ্চবটি শিল্প পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী কল্যাণ পরিষদের কার্যালয়ে গিয়ে সংগীতচর্চা বন্ধের জন্য চাপ দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় জিডি নং-১৩৩৮, তারিখ ১৩ আগস্ট ২০২৬ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, সাইনবোর্ড, সানারপাড়, পঞ্চবটি ও ভূইঘরসহ বিভিন্ন এলাকায় বাউল সংগঠনের শিল্পী ও নেতৃবৃন্দকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। দাবি পূরণ না করলে সংগঠনে হামলা ও লুটপাটের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, অভিযুক্ত চক্রটি রাতের বিভিন্ন সময়ে পঞ্চবটি থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, সাইনবোর্ড, চিটাগাংরোড ও কাঁচপুর এলাকায় চুরি,ছিনতাই, ডাকাতি, এবং জোরপূর্বক তুলে নিয়ে অর্থ আদায়ের মতো অপরাধে অভিযোক্তরা জড়িত।
এ অবস্থায় বাউল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জসিম ওরফে মাইছ্যা জসিম, রবিন, পাগলা শাহেল, হৃদয়, রিয়াজ, ঝন্টু ও শাকিলসহ অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত গ্রেপ্তার এবং প্রচলিত আইনে সর্বোচ্চ কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাউল সংগঠনের নেতৃবৃন্দ।
অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও দেওয়া হয়েছে বলে জানা গেছে

২৮.৫৯°সে
