
ঠিকাদারি কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা জাহাঙ্গীর আলম ওরফে জাবেদকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্রে জানা যায়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করত। চক্রের সদস্যরা নিজেদের ঠিকাদারি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত।
অভিযোগ অনুযায়ী, এক ব্যবসায়ীকে বিভিন্ন ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়। সবমিলিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।
টাকা নেওয়ার পর প্রতিশ্রুত কাজ না দিয়ে চক্রের সদস্যরা যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্তে নেয় পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সংঘবদ্ধ প্রতারক চক্রটির মূলহোতা জাহাঙ্গীর আলম ওরফে জাবেদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পিবিআইয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্র আরও জানায়, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে জাবেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৬.৩৪°সে
