
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পোস্টিং ক্লাব মাঠে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে টেপ বল বিসিএল-২০২৬ এর জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্য এবং ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে খেলাধুলার প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান, সংসদ সদস্য, গাজীপুর-১। তিনি বলেন, “তরুণদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।”
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ (সিআইডি), নারায়ণগঞ্জ জেলা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা সৃষ্টি করে। এমন আয়োজন তরুণদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শাহজাহান আলী এবং ডাঃ বখতিয়ার। তারা খেলাধুলার প্রসার এবং যুবসমাজের সুস্থ বিকাশে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইজউদ্দিন আহমেদ, মেয়র পদপ্রার্থী, কালিয়াকৈর পৌরসভা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি সুন্দর, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার অবদান অনস্বীকার্য। তরুণদের জন্য এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
পূর্ব চান্দরা পোস্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত এই টেপ বল বিসিএল-২০২৬ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং এটি তরুণদের প্রতিভা বিকাশ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করার একটি মহৎ উদ্যোগ। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্টকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা— প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচের মধ্য দিয়ে এটি কালিয়াকৈরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
“খেলা হোক তারুণ্যের শক্তি, সম্প্রীতির সেতুবন্ধন— এগিয়ে যাক কালিয়াকৈর।”

২৬.০১°সে
