গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বেগমপুর পূর্বপাড়া এলাকায় চাঁদাবাজ শহিদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইব্রাহীম খলিল কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী পক্ষ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত শহিদুল ও তার গ্যাং সংঘবদ্ধভাবে ইব্রাহীম খলিলের ক্রয়কৃত বাড়িতে থাকা অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ব্যাপক ভাঙচুর চালিয়ে দোকানের বিভিন্ন মালামাল তছনছ করে এবং মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। একইসাথে নগদ টাকাও নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা শুধু লুটপাট করেই ক্ষান্ত হয়নি, বরং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।